ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস। দেশটির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে আগুন। তবে দাবানলের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি রাজধানী এথেন্সে। দাবানলের কারণে দেশটির বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৭ জুলাই) গ্রিসের রাজধানী এথেন্সের আশপাশের বিভিন্ন শহরসহ অর্ধশতাধিক জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, গ্রীষ্মকালের উষ্ণ আবহাওয়ার সঙ্গে যোগ হয়েছে তীব্র বাতাস। এতে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে আর এর নিয়ন্ত্রণও কঠিন হয়ে যাচ্ছে।
এ বিষয়ে দেশটির ফায়ার সার্ভিসের মুখপাত্র আইওয়ানিস আর্টোপিওস বলেন, ‘তীব্র বাতাস বইছে। আগুনের ধোঁয়া এবং বাতাস মিলে কঠিন পরিস্থিতি তৈরি করেছে। এতে আমরা বিমানের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে ঠিকভাবে কাজ করতে পারছি না। এরপরও সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
তিনি বলেন, এরই মধ্যে ইচ্ছাকৃত আগুন লাগানোর অভিযোগে একজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
দাবানলে পুড়ে গেছে স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি। এ ছাড়া ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে কয়েক হাজার বাসিন্দাকে নিারপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ করে দেয়া হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক। এ ছাড়াও এথেন্সের কাছে একটি গ্রীষ্মকালীন অবকাশযাপন কেন্দ্র থেকে এক হাজারের বেশি শিশুকে সরিয়ে নিয়েছেন উদ্ধারকারীরা।
ভয়াবহ এ দাবানল নিয়ন্ত্রণ এবং উদ্ধার কাজে অংশ নিয়েছেন গ্রিসের ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টারসহ বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। জরুরি প্রয়োজনে স্থানীয়দের উদ্ধারের জন্য দেশটির কোস্টগার্ডের বেশ কয়েকটি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে।