বাবা শিবনারারণ চন্দরপলকে ১২ বছর আগে আউট করেছেন। এবার সাজঘরের পথ দেখালেন তারই ছেলে ত্যাগনারাইন চন্দরপলকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমে এমনই এক অর্জনের মালিক হয়েছেন রবীচন্দন অশ্বিন। বাবার পর ছেলেকে আউট করে বিরল চার ক্রিকেটারের পাশে নাম লেখালেন ডানহাতি এই স্পিনার।
বৃহস্পতিবার (১৩ জুলাই) ডমিনিকার উইন্ডজর পার্কে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাটিং নিয়ে ১৫০ রানের মধ্যে অলআউট হয়েছে ক্যারিবীয়ানরা। ইনিংসের ১৩তম ওভারে সফরকারী ভারতকে প্রথম ব্রেকথ্রু এনে দেন রবীচন্দ্রন অশ্বিন। দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন ত্যাগনারাইন চন্দরপলকে।
এই উইকেট নিয়ে অনন্য রেকর্ড গড়েছেন অশ্বিন। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে বাবা-ছেলে দুজনের উইকেট নেয়ার রেকর্ড এখন তার দখলে। ২০১১ সালে নিজের অভিষেক টেস্টে ত্যাগনারাইনের বাবা শিবনারায়ণ চন্দরপলকেও যে আউট করেছিলেন ভারতীয় অফ স্পিনার।
বাবা-ছেলের উইকেট নিতে সতীর্থদের প্রয়োজন পড়েনি অশ্বিনের। ২০১১ সালে শিবনারায়ণকে প্রথমবার আউট করেছিলেন এলবিডব্লু্র ফাঁদে ফেলে আর ছেলে হয়েছেন বোল্ড। তবে শিবনারায়ণকে আরও তিনবার আউট করেছেন অশ্বিন। টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা এই তারকাকে একাই চার বার আউট করেছেন অশ্বিন।
বিশ্ব ক্রিকেটে বাবা-ছেলের উইকেট নেয়াদের তালিকায় অশ্বিন পঞ্চম। তার আগে অনন্য এই কীর্তি গড়েছেন ইয়ান বোথাম, ওয়াসিম আকরাম, মিচেল স্টার্ক ও সাইমন হারমার। সর্বপ্রথম এই কীর্তি গড়েন ইয়ান বোথাম। ল্যান্স কেয়ার্নস এবং ক্রিস কেয়ার্নস দুজনকেই ফিরিয়েছেন তিনি। এই দুই ব্যাটারকেই আউট করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামও। মিচেল স্টার্ক এবং সাইমন হারমার অবশ্য এই রেকর্ডে নাম লিখিয়েছেন সাম্প্রতি। দুজনেই আউট করেছেন শিবনারারণ চন্দরপল এবং ত্যাগনারাইন চন্দরপলকে ।
ত্যাগনারাইনের উইকেট ছাড়াও এদিন আরও চারটি উইকেট নিয়েছেন অশ্বিন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে বাদ পড়ার পর দলে ফিরেই তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের ৩৩ তম পাঁচ উইকেট।