নিউ সাউথ ওয়েলসের পুলিশের অ্যাক্টিং অ্যসিস্ট্যান্ট কমিশনার ট্রেসি চ্যাপম্যান বলেছেন, বিয়ের অনুষ্ঠান শেষে অতিথিরা ‘সম্ভবত থাকার জন্য’ সিঙ্গেলটনে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
ট্রেসি চ্যাপম্যান আরও বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত ২৫ জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের মধ্যে দু’জনকে দুর্ঘটনাস্থল থেকে এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসের নীচে এখনও লোকেরা আটকে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘এমন একটি সুন্দর জায়গায় আনন্দের একটি দিন এতো ভয়ানক দুর্ঘটনা ও প্রাণহানির মধ্য দিয়ে শেষ হওয়াটা’ খুবই নিষ্ঠুর, দুঃখজনক এবং অন্যায়’।
আলবানিজ বলেন, আহত যাত্রীদের মধ্যে কয়েকজন জন হান্টার হাসপাতালে আছেন। তবে অনেককে সিডনিতে নিয়ে যাওয়া হয়েছে।
নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স বলেছেন, দুর্ঘটনায় এতগুলো প্রাণ হারানো ‘হৃদয়বিদারক থেকে কম কিছু নয়’। তার ভাষায়, ‘আনন্দের একটি দিন এই ধরনের ধ্বংসাত্মক ক্ষতির মধ্য দিয়ে শেষ হওয়া সত্যিই নিষ্ঠুর। যারা আহত হয়েছেন তাদের জন্যও আমাদের সমবেদনা রয়েছে।’
পুলিশ বলেছে, তারা এখনও দুর্ঘটনার শিকারদের শনাক্ত করতে এবং তাদের আত্মীয়দের সাথে যোগাযোগ করার জন্য কাজ করছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘বাসে থাকা ব্যক্তিদের পরিবার এবং বন্ধুদের সেসনক থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।’
এইচআর