ইউক্রেনের পূর্বাঞ্চলীয় নিপ্রো শহরের একটি হাসপাতালে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত দুইজন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। খবর বিবিসির।
নিপ্রোর গভর্নর সের্হি লাইসাক বলেন, আহত ২৩ জনের মধ্যে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
এছাড়া আহতদের মধ্যে তিন ও ছয় বছর বয়সী দুই শিশুও রয়েছে বলে জানান তিনি। লাইসাক বলেন, শহরটিতে একের পর এক রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও হাসপতালে হামলার কথা নিশ্চিত করেছেন। জেলেনস্কি ক্ষতিগ্রস্ত ক্লিনিকের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।
তিনি বলেন, রাশিয়ান সন্ত্রাসীরা আবারও মানবিক এবং ভালো সবকিছুর বিরুদ্ধে তাদের যোদ্ধাদের অবস্থান নিশ্চিত করেছে।
এদিকে এক রাতেই রাশিয়ার ১০টি ক্ষেপণাস্ত্র ও ২৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী। শুক্রবার (২৬ মে) ইউক্রেন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
রাজধানী কিয়েভ, নিপ্রো শহর এবং পূর্বাঞ্চল থেকে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করে দেশটির বিমানবাহিনী।
বিমানবাহিনী জানায়, বৃহস্পতিবার রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত মোট ১৭টি ক্ষেপণাস্ত্র ও ৩১টি ড্রোন নিক্ষেপ করা হয়। এর মধ্যে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র খারকিভ এবং ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।