মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

৮’শ তম গোলের রেকর্ডবুকে মেসি

  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২৭৬ Time View

বহুল প্রতীক্ষার অবসান হলো। তাও আবার দুর্দান্ত এক জয় দিয়েই। ভক্তদের ভালোবাসার বিড়ম্বনায় কাটানো সময়টাও ভালোভাবেই রাঙিয়েছেন মহাতারকা লিওনেল মেসি। দিয়েছেন ভালোবাসার অনন্য প্রতিদান। আবারও বাঁ-পায়ে সেই বাঁকানো ফ্রি-কিক। যার মাধ্যমে তিনি ক্যারিয়ারের ৮০০তম গোলের অনবদ্য রেকর্ডবুকে নাম উঠিয়েছেন। একইসঙ্গে আর্জেন্টাইনদের ভাসিয়েছেন বাধভাঙা জয়ের উচ্ছ্বাসে।

বুয়েনস আয়ার্সের এল মনুমেন্তালে শুক্রবার (২৪ মার্চ) ভোর হতেই (বাংলাদেশ সময়) প্রথমবার ‘তিন তারকাখচিত’ জার্সি পরে খেলতে নামে আর্জেন্টিনা। তবে ম্যাচে কঠিন পরীক্ষার মুখেই পড়ে স্কালোনির শিষ্যরা। রেফারির বাঁশি বাজার পর থেকেই তারা বইয়ে দেন আক্রমণের ঢেউ। তবুও জালের দেখা খোঁজ মিলছিল না। গোলপোস্ট মেসির সামনে বাধা হয়ে দাঁড়ায়।

দ্বিতীয় মিনিটে প্রথম সুযোগ পায় বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ডি বক্সে পাওয়া বল অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কাজে লাগাতে পারেননি। পরের মিনিটেই প্রতিপক্ষ খেলোয়াড়দের ফাঁকি দিয়ে কোনাকুনি শট নেন মেসি। তবে গতি কম থাকায় বল পানামা গোলরক্ষকের হাতে গিয়ে থেমে যায়।

১৫তম মিনিটে মেসিকে বিপজ্জনক ফাউল করে বসেন পানামার ডিফেন্ডার কেভিন গালভান। যার দায়ে রেফারি তাকে হলুদ কার্ড দেখান। এরপর প্রায় ২৭ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি কিক নেন মেসি। কিন্তু দুর্ভাগ্যবশত সেই কিক পোস্ট কাঁপিয়ে ফেরে। পরবর্তী সময়ের বেশিরভাগেই বল দখলে ছিল আর্জেন্টিনার। তাদের মুহুর্মুহু আক্রমণ পানামা রক্ষণ জমাট রেখে সামলে নেয়।

৪৩তম মিনিটে বাঁ-দিক দিয়ে বক্সে ঢুকে উড়িয়ে মারেন মেসি। পরের মিনিটে অনেক দূর থেকে অ্যাঞ্জো ফার্নান্দেজ বুলেট গতির শট নেন। তবে গোলরক্ষক জোসে গেরা ঝাঁপিয়ে পড়ে সেটি কর্নারে পরিণত করেন। এভাবে একের পর এক আক্রমণ ব্যর্থ হয়ে গোলশূন্য সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।

বিরতির পর মিনিট ছয়েক যেতে আবারও মেসির ফ্রি-কিক। তবে সেই শটটিও ঠেকিয়ে দেন গোলরক্ষক। খানিক বাদে আর্জেন্টিনা অধিনায়কের আরও একটি শট রুখে দেন গেরা। এভাবে গোলশূন্য ড্র-য়ের দিকেই আগাচ্ছিল ম্যাচ। ৭৩তম মিনিটে মার্কোস আকুনার ডি-বক্সে বাড়ানো ক্রসে ছুটে গিয়ে হেড দেন মেসি। কিন্তু বল ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

এরপর মেসির বাঁকানো ফ্রি কিক পোস্টে লেগে ফেরার পর বল বুক দিয়ে নামিয়ে শট নিতে গিয়েও ঠিকমতো পারেননি লিয়ান্দ্রো পারেদেস। সুযোগ পেয়ে দুরূহ কোণ থেকে জোরাল শটে দলকে এগিয়ে নেন দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাক অ্যালিস্টারের বদলি নামা আলমাদা। নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে মাইলফলক ছোঁয়া গোলটি করেন মেসি। এর আগে তার দুটি ফ্রি-কিক ভাগ্যের ফেরে পোস্টে লাগলেও এবার আর ব্যর্থ হননি তিনি। বাঁকানো শটে রক্ষণ দেয়ালের ওপর দিয়ে খুঁজে নেন ঠিকানা। এতে আর্জেন্টিনার জয়টাও নিশ্চিত হয়ে যায়।

এ নিয়ে সবমিলিয়ে ৮০০তম এবং আন্তর্জাতিক ফুটবলে মেসির গোল হলো ৯৯টি। আগামী ২৮ মার্চ কিরাসাওয়ের বিপক্ষে  আর্জেন্টিনা পরের প্রীতি ম্যাচে মুখোমুখি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category