মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবির অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে হ্যান্ডকাফ, পুলিশের দুটি প্রতিফলক ভেস্ট, একটি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়। রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার তেঁতুলিয়া বাজারে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন পুলিশ কনস্টেবল সোহেল আহম্মেদ এবং মতিউর হোসেন মোরসালিন। পুলিশ কনস্টেবল সোহেল যশোরের কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে এবং মতিউর হোসেন তালার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ মৈনুলের ছেলে। তিনি বর্তমানে খুলনার সোনাডাঙ্গা এলাকায় বসবাস করেন।

অপহরণের শিকার ব্যবসায়ী কাশেম সরদার তালার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তেঁতুলিয়া বাজারে তাঁর সাইকেল ও ভ্যানের যন্ত্রাংশের দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে কাশেম সরদার নিজের দোকানে কাজ করার সময় দুই ব্যক্তি সেখানে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। একপর্যায়ে তাঁরা কাশেমের হাতে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যান এবং পরে তাঁর স্ত্রীর মুঠোফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করেন।

এ ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী তালা থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত তদন্ত ও অভিযান শুরু করে। একপর্যায়ে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় তালা ও ডুমুরিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুজনকে আটক করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে সোমবার (১৬ নভেম্বর) তালা থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category