অনিবার্য বিপ্লব দরজায় কড়া নাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, তারেক রহমানের জাপান সফর নিয়ে লুকোচুরি করা হচ্ছে। মাতারবাড়ি নিয়ে কী চুক্তি হয়েছে, তা জাতির সামনে প্রকাশ করারও দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়াগামী লংমার্চের আগে আয়োজিত সমাবেশে সরকারের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা আমাদের কোনো দলীয় ও ব্যক্তিগত দাবি নিয়ে মাঠে নামিনি। এই দাবিগুলো জনগণের দাবি, জনগণের ভোগান্তির বিষয়। সেই দাবি নিয়েই আমরা মাঠে নেমেছি। দুটি লংমার্চ মহান আল্লাহর মেহেরবানিতে জনগণের সমর্থন ও ভালোবাসায় সিক্ত হয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। মহান রবের দরবারে দোয়া করি, আজও যেন আল্লাহ আমাদের ওপর বিশেষ মেহেরবানি করেন এবং তৃতীয় লংমার্চটিও জাতির প্রয়োজনে সফল করে দেন।’
কানেক্টিভিটির নামে বাংলাদেশকে অন্য কোনো দেশের কাছে ইজারা দেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না। অতীতে যারা দাসত্ব স্বীকার করেছিল, তাদের পরিণতি তারা এখন ভোগ করছে। তাদের তো দিদি ছিল, আপনাদের কে আছে? জনগণের সঙ্গে প্রতারণা করে পার পাবেন না।
সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। দাবিগুলো উপেক্ষা করে সরকার স্বৈরাচারের পথে হাঁটলে অতীতের সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া রুটে লংমার্চ করছে ১১ দলীয় ঐক্য।
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা এই লংমার্চে নেতৃত্ব দিচ্ছেন।