ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন জানিয়েছেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নিতে তিনি শতভাগ প্রস্তুত রয়েছেন। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা এই সংসদ সদস্য বলেছেন, নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে পদত্যাগের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, মেয়র নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন। এর আগে ২০১৭ সালে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা তাঁর হয়েছে।
তিনি আরও বলেন, দলের অন্য কাউকে প্রার্থী হিসেবে মনোনীত করা হলেও তাঁকে বিজয়ী করতে তিনি শতভাগ প্রস্তুত রয়েছেন।
এর আগে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ইশরাক বলেন, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তিনি জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান কেবল শুরু হয়েছে, এটি চলমান থাকবে। তাঁর কারণে যাতে প্রধানমন্ত্রীর কোনো কর্মকাণ্ড ম্লান না হয় এবং দল বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, সে জন্য তিনি পদত্যাগ করতে চান।