সরকারের ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের অনুসারীরা বিএনপিকে জনগণের সামনে ব্যর্থ প্রমাণ করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। একই সঙ্গে তিনি দাবি করেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার ইয়াকুবদণ্ডী হুলাইন পাইরোল উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক এনাম বলেন, “সরকারের ভেতরে অবস্থানরত চক্রান্তকারীরা নানা কৌশল অবলম্বন করছে যেন বিএনপিকে জনগণের কাছে ব্যর্থ প্রমাণ করা যায়। তবে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করেই আমাদের জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।”
শিক্ষা ব্যবস্থা প্রসারে তিনি আরও বলেন, “বিগত সরকারের অপশাসনে দেশের শিক্ষাকাঠামো ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। তাদের ক্ষমতা থেকে সরানো না গেলে শিক্ষা ব্যবস্থার অপপূরণীয় ক্ষতি হয়ে যেত।”
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ডা. এ কে এম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাবিলাসদ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মঈনুল আলম ছোটন, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য কায়ছার চৌধুরী পিন্টু, শিক্ষানুরাগী ও সমাজসেবক অধ্যাপক দিলীপ বড়ুয়া চৌধুরী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপন কান্তি দে।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী গোলাম কিবরিয়া, মো. রিয়াদ, আয়াজ মো. রকি, জসিম উদ্দিন চৌধুরী ও মোহাম্মদ আবু বক্কর সুজন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌমেন বড়ুয়া।