দলের সাংগঠনিক কাজ আরও বেগবান করতে ২৩ সদস্যের সাংগঠনিক উপকমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন গঠিত এই কমিটির প্রধান করা হয়েছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, নতুন এ সাংগঠনিক উপকমিটিতে রাজনৈতিক পর্ষদ থেকে দুজন উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তা ছাড়া তৃণমূল পর্যায়ে কাজের সুবিধার্থে প্রতিটি বিভাগের জন্য একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং একজন সহ-সাংগঠনিক সম্পাদক নির্ধারণ করা হয়েছে।
নতুন এই সাংগঠনিক কাঠামোর মাধ্যমে দলের কার্যক্রমকে সারা দেশে আরও সুসংগঠিত, গতিশীল ও সমন্বিত করা সম্ভব হবে বলে আশা করছেন এনসিপির নীতিনির্ধারকেরা।