ফেনী পৌর মৎস্য আড়তে ক্ষতিকর জেলি পুশ করা ১০৫ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওজন বৃদ্ধি ও কৃত্রিমভাবে গ্রেড পরিবর্তনের দায়ে তিনটি মৎস্য আড়তকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ফেনী সদর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ বাস্তবায়নে পৌর মৎস্য আড়তে অভিযান চালান কর্মকর্তারা। সেখানে অসদুপায়ে চিংড়ির ওজন বাড়াতে ক্ষতিকর জেলি ব্যবহারের প্রমাণ পেয়ে বেলাল ফিশিংকে ৫০ হাজার টাকা, আল্লাহর দান ফিশিংকে ২০ হাজার টাকা এবং এরফান ফিশিংকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে আড়তগুলো থেকে জব্দ করা ১০৫ কেজি জেলিযুক্ত গলদা ও বাগদা চিংড়ি জনসম্মুখে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
অভিযানকালে ফেনী সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার জানান, কেমিক্যালযুক্ত মাছের জনস্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মিরাজুল ইসলাম ও পরশুরাম উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।