প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
আদালতের এ আদেশের পর তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিদিশার জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ফ্ল্যাট বিক্রিকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণার মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ রায় ঘোষণা করেন।
একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও এক মাস কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত না থাকায় বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানাও জারি করা হয়েছিল।
পরে গত ২৬ আগস্ট প্রতারণার ওই মামলায় বিদিশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ এ আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ব্যবসায়ী মোশাররফ হোসেন ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি বিদিশার বিরুদ্ধে মামলাটি করেন। তিনি মিরপুর-১০ এলাকায় স্যানিটারি পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ী।
মামলার অভিযোগে বলা হয়, ২০০১ সালে বারিধারায় একটি ফ্ল্যাট কেনার জন্য বিদিশার সঙ্গে যোগাযোগ করেন মোশাররফ হোসেন।
একপর্যায়ে বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির বিষয়ে তাদের মধ্যে ৮০ লাখ টাকার চুক্তি হয়।