জন্মের পর মায়ের মুখ দেখার সুযোগ হয়নি শিশুটির। সিজারিয়ান অপারেশনের পর অসুস্থ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা যান মা কনিকা মন্ডল। মাকে হারানো সেই নবজাতককে কোলে তুলে নিয়ে পরিবারটির পাশে দাঁড়িয়েছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাঘুটিয়া গ্রামে কনিকা মন্ডলের বাড়িতে যান সংসদ সদস্য হারুন অর রশিদ। সেখানে তিনি স্বজনদের সমবেদনা জানান এবং পরিবারের হাতে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন।
পরিবারটির প্রতি সহমর্মিতা জানিয়ে সংসদ সদস্য বলেন, একজন মায়ের মৃত্যুতে সন্তানরা তাদের সবচেয়ে বড় আশ্রয় হারিয়েছে। অর্থের অভাবে যেন পরিবারটির কোনো সন্তানের লেখাপড়া বন্ধ না হয়, সে বিষয়ে রাষ্ট্রীয় ও ব্যক্তিগত পর্যায় থেকে সহযোগিতা অব্যাহত রাখা হবে।
এ সময় বালিয়াকান্দি উপজেলা বিএনপির পক্ষ থেকে কনিকা মন্ডলের সন্তানদের ভবিষ্যৎ লেখাপড়ার পূর্ণ দায়িত্ব নেওয়ার কথা জানান সংগঠনের সভাপতি গোলাম শওকত সিরাজ। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ জুন ফরিদপুরের একটি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা সন্তান জন্ম দেন কনিকা মন্ডল। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসায় অবহেলার বিষয়টি সামনে আসে। দীর্ঘদিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১৯ আগস্ট মারা যান তিনি। ঘটনাটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।