ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে তাঁর প্রাপ্য মর্যাদা অনুযায়ী সম্মানজনক অভ্যর্থনা জানানো হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে তাঁকে আশ্বস্ত করেছেন বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ভারতের হাইকমিশনার।
দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তিনি সরাসরি দিল্লি গিয়েছিলেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর একটি চমৎকার বৈঠক হয়েছে। ওই বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাতের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
তিনি বলেন, ‘আপনি আমার পক্ষ থেকে তাঁদের বলতে পারেন, আপনার কাছে ভারতের প্রধানমন্ত্রীর আশ্বাস রয়েছে—বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যখন ভারত সফর করবেন, তখন তাঁকে এমন সম্মানজনক অভ্যর্থনা দেওয়া হবে, যা তিনি প্রাপ্য। এটি একটি স্মরণীয় সফর হবে। শেষ পর্যন্ত এর সুফল মানুষের কাছে যাবে।’
ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারত শুধু সীমান্তই ভাগ করে নেয় না, দুই দেশের মধ্যে স্বপ্ন, আকাঙ্ক্ষা ও সমতারও সম্পর্ক রয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ তুলে দীনেশ ত্রিবেদী বলেন, তিনি একজন জনগণের মানুষ। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।
তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রীই প্রথম তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছিলেন এবং প্রথম তাঁকেই ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপর ভারতের স্পিকার বাংলাদেশ সফর করেছেন এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রীও বাংলাদেশে এসেছেন।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং আমি খুব আশাবাদী। কিছু সমস্যা রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তবে আমি যেমন বলেছি, যদি সমস্যা না থাকে, তাহলে সেটি গণতন্ত্র নয়, অন্য কিছু।’
গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে থাকা মতপার্থক্য ও বিভিন্ন বিষয়ে বাংলাদেশের মন্ত্রীদের সঙ্গে ভারত ঘনিষ্ঠভাবে কাজ করছে বলেও জানান তিনি। তাঁর মতে, প্রাণবন্ত গণতন্ত্রে মতপার্থক্য থাকা স্বাভাবিক।
বাংলাদেশের মানুষের উদ্বেগগুলো ভারত গভীরভাবে বোঝে উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, এসব উদ্বেগ কমাতে দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ ও সাক্ষাতের প্রয়োজন রয়েছে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সফররত প্রতিনিধিদলের সম্মানে ভারতীয় হাইকমিশন এ অনুষ্ঠানের আয়োজন করে।