শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Title :
প্যারিসে এফবিজেএ’র ‘জুলাই ডায়লগ-২০২৬’ অনুষ্ঠিত হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট বোয়ালমারীতে ৬ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার চট্টগ্রামে ৩ অটোরিকশা চোরকে আটক করে ১০০ রাকাত নামাজ পড়িয়ে ছেড়ে দিলেন স্থানীয়রা ফ্রান্সে দোহার নবাবগঞ্জ অ্যাসোসিয়েশন অফ ফ্রান্সের দিনব্যাপী নৌ ভ্রমণ সম্পন্ন ১৫ বছরের ক্যারিয়ারে শাড়ির জন্য আদালতে আসব, তা কাম্য নয়: তানজিন তিশা

প্যারিসে এফবিজেএ’র ‘জুলাই ডায়লগ-২০২৬’ অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

মোহাম্মদ মাহবুব হোসাইন, ফ্রান্স

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) উদ্যোগে ‘জুলাই ডায়লগ-২০২৬: স্মৃতি, সংস্কার ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বৃহত্তর প্যারিসের পন্তা এলাকার একটি অভিজাত হোটেলের বলরুমে আয়োজিত এ সেমিনারে জুলাই আন্দোলনের স্মৃতি, আন্দোলনের অর্জন, কাঙ্ক্ষিত সংস্কার, গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং প্রবাসীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন এফবিজেএ সমন্বয়ক ও দৈনিক নয়াদিগন্তের ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ মাহবুব হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মুখপাত্র ও ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-মুখপাত্র ও কালের কণ্ঠের ফ্রান্স প্রতিনিধি তানভীর আহমেদ তোহা।

অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. পিনাকী ভট্টাচার্য, ডেইলি ওয়াদার সম্পাদক ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম, এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদ্য বিদায়ী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম। তাঁরা জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, এর অর্জন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বক্তব্য দেন।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, জুলাইয়ের স্বপ্ন এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সেই স্বপ্ন পূরণে জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে। তাঁর মতে, জুলাই আন্দোলনের মাধ্যমে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তব রূপ দিতে প্রয়োজন কার্যকর উদ্যোগ ও ধারাবাহিক রাজনৈতিক প্রচেষ্টা।

এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, উন্নত বিশ্বের নাগরিকদের মতো সুযোগ-সুবিধা বাংলাদেশের নাগরিকদের নিশ্চিত না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি বলেন, রাষ্ট্রের বিদ্যমান কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনা এবং কাঠামোগত সংস্কার বাস্তবায়নই জুলাই আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদ‍্য বিদায়ী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও বিদেশে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করা প্রয়োজন। ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে বাংলাদেশবিরোধী যেকোনো তৎপরতা মোকাবিলা করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

ডেইলি ওয়াদার সম্পাদক ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম জুলাই আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, আন্দোলনের সময় দেশের বাইরে অবস্থান করেও প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিরাও বিভিন্নভাবে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন। পাশাপাশি ফরাসি গণমাধ্যমগুলোতে জুলাই আন্দোলনের সংবাদ প্রচার আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. পিনাকী ভট্টাচার্য বলেন, বর্তমানে বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। তাঁর মতে, বিএনপি যত বেশি দুর্বল শাসনব্যবস্থা উপহার দেবে, পতিত ফ্যাসিবাদী শক্তি তত বেশি ‘আগেই ভালো ছিলাম’—এমন প্রচারণার সুযোগ পাবে। জুলাইয়ের অর্জনকে টেকসই ও সংহত করতে আন্দোলনের পক্ষের শক্তিগুলোর মধ্যে কার্যকর ঐক্য প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

সেমিনারে জুলাই আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি প্রবাসে সাংবাদিকতার বাস্তবতা, দায়িত্ব ও সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ সময় বক্তারা প্রবাসী সাংবাদিকদের ভূমিকা, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ঘটনাপ্রবাহ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব এবং প্রবাসী সমাজের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে কমিউনিটি নেতাদের মধ্যে সরাসরি উপস্থিত ছিলেন আবুল খায়ের লস্কর, কাজী আবদুল্লাহ আল মামুন, এম এ মান্নান আজাদ, জুনেদ আহমেদ, মনোয়ার পাটোয়ারী, কাউসার আহমেদ, ফারুক আহমেদ, কবি সোহেল আহমেদ, অ্যাক্টিভিস্ট আজিমুল হক খান, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, সাকিব সিদ্দিকী,মহসিন আল আবিদ, আরাফাত রহমান, মোহাম্মদ আরিফ ও ব্যবসায়ী শহিদুল ইসলামসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

এফবিজেএর সদস্যদের মধ্যেও জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। সংগঠনের সদস্যদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট কলামিস্ট নিয়াজ মাহমুদ, দৈনিক যুগান্তরের ফ্রান্স প্রতিনিধি সরদার হাসান ইলিয়াছ তানিম, ডেইলি সানের ফ্রান্স প্রতিনিধি মুমিন আনসারী, বাংলা ভিশনের ফ্রান্স প্রতিনিধি ইয়াসির আরাফাত, কালবেলার ফ্রান্স প্রতিনিধি মামুন মাহিন, পিএনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট সাইফুল ইসলাম, লেখক হাবিবুল্লাহ ফাহাদ এবং ফ্রিল্যান্স সাংবাদিক আবদুল্লাহ আল মামুন।

আলোচনায় বক্তারা জুলাই আন্দোলনের চেতনা ও অর্জনকে ধারণ করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা আরও কার্যকর করা এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও পরিবর্তনের বার্তা তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বের কথাও উঠে আসে।

এফবিজেএর উদ্যোগে আয়োজিত এ ‘জুলাই ডায়লগ-২০২৬’ প্রবাসে জুলাই আন্দোলনের স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category