চাঁদপুরের হাইমচরে প্রাইভেটকারে করে গাঁজা পাচারের সময় ২০ কেজি গাঁজাসহ মো. রাসেল মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
শনিবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ২ নম্বর আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রসংলগ্ন রায়ের বাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রাসেল মিয়া বরগুনা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের সাহেবের হাওলা গ্রামের মো. গোলাম মোস্তফা খান ও মাকসুদা বেগম দম্পতির ছেলে।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর থানার একটি বিশেষ দল রায়ের বাজার মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার সেখানে পৌঁছালে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে প্রাইভেটকার থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়ির চালক রাসেল মিয়াকে আটক করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।
অভিযানে অংশ নেওয়া হাইমচর থানার উপপরিদর্শক সমীর কুমার দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০ কেজি গাঁজাসহ গাড়ির চালককে আটক করা সম্ভব হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গাঁজাগুলো কুমিল্লা থেকে আনা হয়েছিল। হাইমচরে বিক্রির উদ্দেশ্যে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান বলেন, আটক রাসেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।