শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

ডাকছে সংসদের বিশেষ অধিবেশন: ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের প্রস্তুতি নিচ্ছে সরকার। স্বল্পমেয়াদি এই অধিবেশন শুরুর সুনির্দিষ্ট তারিখ শীঘ্রই চূড়ান্ত করা হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

চিফ হুইপ বলেন, নির্বাচন প্রক্রিয়া শেষ করতেই বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অধিবেশন আহ্বানের সুনির্দিষ্ট তারিখটি পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি ও তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।

সব প্রক্রিয়া শেষে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের সংসদ সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। তবে যাচাই-বাছাই শেষে একক প্রার্থী থাকলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না; আইন অনুযায়ী তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর পদটি শূন্য হয়। বর্তমানে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category