কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আদালত জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে হাফিজুর রহমান আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তার করতে হবে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী রোববার দিন নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২ আগস্ট হাইকোর্ট হাফিজুর রহমানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওই আদেশের পর ৪ আগস্ট তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
পরে জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল আবেদন করলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
হাফিজুর রহমান ২০২৫ সালের ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হন। পরদিন তাকে কুমিল্লার আদালতে হাজির করার আগে সিআইডির ফরেনসিক ল্যাবে তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি শেষে নিখোঁজ হন ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।