ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে বেলা দেড়টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে মিছিল করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুনের দাবি, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২ এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান উপলক্ষে অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে ৫ ও ৬ নম্বর গ্যালারিতে সাজসজ্জার কাজ চলছিল।
তার অভিযোগ, এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী সেখানে গিয়ে আব্দুল মালেকসহ কয়েকজনকে মারধর করেন। এতে আব্দুল মালেক মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
অন্যদিকে ছাত্রদলের কর্মী রাসেলের দাবি, সকালে ছাত্রশিবিরের একটি কর্মসূচিকে কেন্দ্র করে বহিরাগত শিবিরের নেতা-কর্মীরা ক্যাম্পাসে জড়ো হন। এ সময় তারা ছাত্রদলের কর্মীদের উসকানিমূলক আচরণ করেন এবং এক কর্মীকে মারধর করেন। খবরটি ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতা-কর্মীরা একত্রিত হয়ে ক্যাম্পাসে মিছিল বের করেন। পরে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা হামলা চালিয়ে ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
সংঘর্ষের পর ছাত্রশিবিরের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন। এরপর ছাত্রদলের নেতা-কর্মীরা ঢাকা কলেজের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কলেজ প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।