দেশে বর্তমানে লাইসেন্সধারী প্রায় ৩ হাজার রিক্রুটিং এজেন্সি থাকলেও কঠোর যাচাই-বাছাই করা হলে এর মধ্যে ৫০০টির বেশি কার্যক্রম চালানোর যোগ্য থাকবে না বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, অতিরিক্ত ফি আদায় ও প্রতারণা বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর একটি হোটেলে প্রতারিত অভিবাসী কর্মীদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য চালু হওয়া অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ সচিব আখতার আহমেদ, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং বেসরকারি সংস্থা রামরুর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে কিছু রিক্রুটিং এজেন্সি একচেটিয়া ব্যবসা করছে এবং অতিরিক্ত ফি আদায় করছে। এ ধরনের অনিয়ম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তিনি এজেন্সিগুলোকে আইন ও বিধিমালা মেনে কর্মী পাঠানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিদেশে কর্মী নিয়োগের চাহিদাপত্র নিষ্পত্তির ক্ষেত্রে বাংলাদেশি দূতাবাসগুলোর জন্যও নির্দিষ্ট সময়সীমা থাকা উচিত। বিদেশে গিয়ে কেউ প্রতারণার শিকার হলে অভিযোগের ভিত্তিতে সরকার ব্যবস্থা নেবে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে।
নুরুল হক নুর বলেন, অনিয়ম ঠেকাতে কঠোরতা প্রয়োজন হলেও অতিরিক্ত জটিলতার কারণে যেন বিদেশে কর্মী পাঠানোর সুযোগ ব্যাহত না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।