বাগেরহাটে ১১টি চোরাই গরুসহ আন্তঃজেলা চোর সিন্ডিকেটের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গরু চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শিউলি ফিলিং স্টেশন এলাকা থেকে প্রথমে ইমরান শেখ ও নাহিদ শেখ নামের দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তি অনুযায়ী খুলনার তেরখাদা এলাকার আরিফ মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে বকনা বাছুরসহ ১১টি চোরাই গরু উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত এসব গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের আবু সাঈদ শেখের ছেলে ইমরান শেখ (৪০), রামপাল উপজেলার সোলাকড়া দক্ষিণপাড়া গ্রামের মৃত শুকুর শেখের ছেলে নাহিদ শেখ (২৭) ও খুলনা তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের ধুনা মোল্লার ছেলে আরিফ মোল্লা (৩৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ইমরান শেখের বিরুদ্ধে ৬টি, নাহিদ শেখের বিরুদ্ধে ৩টি এবং আরিফ মোল্লার বিরুদ্ধে ২টি নিয়মিত মামলা রয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, দক্ষিণাঞ্চলের গরু চোর সিন্ডিকেটের এই ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সদস্যরা বাগেরহাটসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে দীর্ঘদিন ধরে গরু চুরি করে বিক্রি করে আসছিল। এই সিন্ডিকেটের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।