গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৯২ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সরাসরি কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম এবং হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭১ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত একদিনে ১৭২ জন শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯২০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সব মিলিয়ে এই সময়ে নতুন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯২ জন।
একই সময়ে হামের চিকিৎসার জন্য নতুন করে ৮৫১ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৭৭ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৪ হাজার ১৬৪ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৯০৭ জনের।
এ সময়ের মধ্যে মোট ৯৬ হাজার ৮৭৮ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে তাদের মধ্যে ৯৩ হাজার ২৬০ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।