সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

ছয় দফা দাবিতে রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৮ Time View

সারাদেশের সঙ্গে একযোগে ছয় দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ইন্টার্ন চিকিৎসকরা। রোববার সকাল থেকে রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে প্রায় ২২০ জন ইন্টার্ন চিকিৎসক অবস্থান কর্মসূচি ও কর্মবিরতিতে অংশ নেন। এ সময় তারা দ্রুত তাদের ঘোষিত ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।

আন্দোলনরত চিকিৎসকরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

ইন্টার্ন চিকিৎসকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ইন্টার্ন ভাতা ৩০ হাজার টাকায় উন্নীত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছরের বাধ্যতামূলক শিক্ষানবীশকাল (অ্যাপ্রেন্টিসশিপ) বাতিল করা এবং বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ করা। এছাড়া আরও কয়েকটি দাবি নিয়ে তারা আন্দোলন করে আসছেন।

এদিকে কর্মবিরতির কারণে হাসপাতালের সেবায় কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের চিকিৎসাসেবা স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রামেক হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অন্যান্য চিকিৎসকদের সহযোগিতায় বিশেষ ব্যবস্থায় জরুরি ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা চালু রাখা হয়েছে। রোগীদের চিকিৎসাসেবা যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, একই দাবিতে রোববার সকাল থেকে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেও লাগাতার কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category