হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অভিযান নিয়ে তৈরি হওয়া উত্তেজনা শেষ পর্যন্ত স্থগিতের সিদ্ধান্তে গড়িয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের দাবি, সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের অনীহা এবং আকাশসীমা ও সামরিক স্থাপনা ব্যবহারের অনুমতি না দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত অভিযান সাময়িকভাবে থেমে যায়।
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষায় ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে যে নৌ অভিযান শুরু করার পরিকল্পনা ছিল, তা ঘোষণার পরই মিত্র দেশগুলোর মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ দেখা দেয়। বিশেষ করে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি ও আকাশপথ ব্যবহার নিয়ে সমঝোতা না হওয়ায় পরিস্থিতি জটিল হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সৌদি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রাথমিকভাবে কোনো চূড়ান্ত সম্মতি পাওয়া যায়নি। একই সময়ে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশও এ বিষয়ে সতর্ক অবস্থান নেয়।
অন্যদিকে, ওমানের কূটনৈতিক সূত্রের দাবি, ওয়াশিংটন থেকে অভিযানের ঘোষণা আসার পরই তাদের সঙ্গে যোগাযোগ করা হয়, যা কূটনৈতিকভাবে কিছুটা অস্বাভাবিক বলেও মন্তব্য করা হয়।
এই পরিস্থিতির মধ্যেই ইরান জানায়, হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য তারা প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। জ্বালানি, খাদ্য, চিকিৎসা ও জরুরি মেরামত সেবা প্রদানের কথা উল্লেখ করে দেশটি তাদের বন্দর ব্যবস্থাকে সক্রিয় রাখার ঘোষণা দেয়।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যস্থতার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার অগ্রগতির বিষয়টি বিবেচনায় নিয়েই সাময়িকভাবে নৌ অভিযান স্থগিত রাখা হয়েছে। তবে কৌশলগত পর্যবেক্ষণ ও অন্যান্য নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
সূত্র: এনবিসি নিউজ