মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে নতুন করে মন্তব্য করেছে চীন। বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে বৈধ হিসেবে দেখা যায় না।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে এবং দ্রুত উত্তেজনা কমানো জরুরি। ওয়াং ই আরও জানান, সংঘাত নিরসনে সংলাপ ও কূটনৈতিক আলোচনাই একমাত্র কার্যকর পথ, আর এজন্য সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সরাসরি যোগাযোগ প্রয়োজন।
চীন এই অঞ্চলে শান্তি ফেরাতে সহযোগিতা করতে প্রস্তুত বলেও বৈঠকে উল্লেখ করেন তিনি। তার মতে, এখনই পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগোনো জরুরি, না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
অন্যদিকে, বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চীনের অবস্থানের প্রশংসা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের পরিপন্থী। একইসঙ্গে তিনি চীনকে ইরানের দীর্ঘদিনের নির্ভরযোগ্য সহযোগী হিসেবে উল্লেখ করেন।
আরাগচি আরও জানান, তেহরান আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়, তবে তা হতে হবে ন্যায্য ও সকল পক্ষের স্বার্থ রক্ষাকারী চুক্তির ভিত্তিতে।
এই বৈঠকের মাধ্যমে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে চীনের কূটনৈতিক অবস্থান আবারও স্পষ্ট হলো বলে বিশ্লেষকরা মনে করছেন।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই