তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করার অন্যতম প্রধান উপায় হলো স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম। জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব হলো জনগণের প্রতি দায়বদ্ধ থাকা। সেই দায়বদ্ধতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটি স্বাধীন গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছে এবং নিয়মিতভাবে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সাংবাদিকতাকে শুধু পেশা হিসেবে না দেখে তিনি এটিকে দেশপ্রেম, মানবতা ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত একটি মহান দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, অনেকেই আর্থিক লাভের জন্য নয়, বরং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই পেশায় আসেন। তরুণ সাংবাদিকদের এই চ্যালেঞ্জিং পেশায় যুক্ত হওয়ার জন্য তিনি অভিনন্দন জানান।
তিনি সতর্ক করে বলেন, গণমাধ্যম কখনোই কোনো শিল্পগোষ্ঠী বা স্বার্থান্বেষী মহলের প্রচারযন্ত্রে পরিণত হওয়া উচিত নয়। সাংবাদিকের দায়িত্ব জনগণের পক্ষ নিয়ে কথা বলা, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করা নয়। তার ভাষায়, সাংবাদিকতা একটি মহৎ পেশা, যার চূড়ান্ত উপকারভোগী হওয়া উচিত সাধারণ মানুষ।
মন্ত্রী আরও বলেন, দেশের গণমাধ্যম কখনো কখনো কীভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে এবং সাংবাদিকতার মান কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে-এ বিষয়ে গভীর গবেষণার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের নিজেদের ভূমিকা মূল্যায়নের আহ্বান জানান তিনি।
আইনের শাসন প্রসঙ্গে তিনি বলেন, কোনো পেশাগত পরিচয় কাউকে আইনের ঊর্ধ্বে রাখতে পারে না। সাংবাদিকরা যেমন অন্যায়ের শিকার হবেন না, তেমনি সাংবাদিক পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকেও আইনের আওতায় আসতে হবে।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বিদায়ী ও নবনির্বাচিত কমিটির সদস্যরা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।