জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
আদালতে নুসরাত তাবাসসুমের পক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান এবং অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
এর আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশগ্রহণের প্রার্থিতা পুনর্বহালের দাবিতে হাইকোর্টে রিট দায়ের করেন তিনি।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর আবেদন জমা দেওয়ায় নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।
এর আগেও একই দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতাও ইসির সিদ্ধান্তে স্থগিত করা হয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ওই দিন বিকেল ৪টা পর্যন্ত। তবে নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন বিকেল ৪টা ১৯ মিনিটে, অর্থাৎ নির্ধারিত সময়ের পরে। এ কারণেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।