মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংকটের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি তেল সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ায় পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন।
রোববার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল নিয়ে বৈশ্বিক সংকট তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ অবস্থায় করণীয় নির্ধারণে সংসদে ঐক্যমতের ভিত্তিতে বিরোধী দলের প্রস্তাব অনুযায়ী প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে একটি ১০ সদস্যবিশিষ্ট কমন কমিটি গঠনে সম্মত হন।
চিফ হুইপ জানান, সংসদ নেতা সরকারি দলের ৫ জন এবং বিরোধী দলের নেতা ৫ জন সদস্যের নাম প্রস্তাব করেন।
কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি অনুযায়ী চিফ হুইপ কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করেন। পরে স্পিকার বিষয়টি ভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা পাস হয়।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
কমিটিতে সরকারি দলের পাঁচ সদস্য হলেন:
জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহামুদ টুকু, জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফউদ্দিন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম শান্ত এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।
বিরোধী দলের পাঁচ সদস্য হলেন:
সাইফুল আলম মিলন (ঢাকা-১২), আবদুল বাতেন (ঢাকা-১৬), মো. নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩), এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত (কুমিল্লা-৪) এবং বাংলাদেশ খেলাফত মজলিশের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান (সিলেট-৫)।
কমিটির কার্যপরিধি অনুযায়ী, তারা বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় করণীয় বিষয়ে সুপারিশসহ একটি প্রতিবেদন সংসদে উপস্থাপন করবে।