সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি ২ দিনের সফরে বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় দেশটির দূতাবাস খোলা নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আগামী মাসের মাঝামাঝিতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব।
গত বছর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর অভিনন্দন জানিয়ে দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে চিঠি পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনন্দনবার্তার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো।
পরে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ সম্পর্কে টুইট করে বলা হয়, ‘আমাদের দলকে সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ! ওরা (বাংলাদেশিরা) আমাদের মতোই পাগল!’
এমন ঘটনার পরই আর্জেন্টিনাকে আরও আপন ভাবতে শুরু করে বাংলাদেশিরা। আর এবার দূতাবাস খোলার ফলে দেশটির সঙ্গে বাংলাদেশের আন্তরিকতা আরও বাড়বে।