রাজধানীর আরমানিটোলার কসাইটুলিতে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের সময় একটি পাঁচ তলা ভবনের একাংশ ধসে পড়েছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির মাত্রা প্রাথমিকভাবে ৫ দশমিক ৭ ধারণা করা হচ্ছে এবং কেন্দ্রস্থল ছিল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা সবাইকে অনুরোধ করছি আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করতে। এই ধরনের ভূমিকম্পের পর ছোটোখাটো আফটার শকের সম্ভাবনা থাকতে পারে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত তেমন কোনো আশঙ্কা দেখা যায়নি।”
এর আগে, চলতি বছরের ৫ মার্চ ঢাকায় মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই সময় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এছাড়া ২৮ মে ভারতের মণিপুর রাজ্যের মোইরাং শহরের কাছে আরেকটি ভূমিকম্পের প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চল, ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছিল।