মাদারীপুরের শিবচরে একই দিনে পৃথক স্থানে বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশীর আয়োজনে পৃথক জনসভা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দলীয় ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে এ দুটি সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে শিবচর উপজেলার পাচ্চর কোল চত্বরে বিশাল জনসমাবেশের আয়োজন করেন মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু।
সভায় প্রধান অতিথি ছিলেন সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, সভাপতিত্ব করেন ডা. মোজাম্মেল হোসেন চৌধুরী নওয়াব।
তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা মিঠু চৌধুরী, যুবদল নেতা হেমায়েত হোসেন খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান মিলন, ছাত্রদল নেতা তুরাগ খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে একই সময়ে উপজেলার কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঐতিহাসিক কুতুবপুর হাটের মাঠে অনুষ্ঠিত হয় আরেকটি জনসভা।
প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও মাদারীপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা। সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুর রশিদ শিকদার এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জামাল বেপারী।
প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে বাংলাদেশের মানুষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত। এবার জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের দমননীতি, গুম-হত্যা আর মিথ্যা মামলার রাজনীতি বন্ধ করতে হবে।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক শাহাদাত হোসেন খান। তিনি বলেন, ২০০১ সালের পর থেকে দেশের মানুষ ভোট দিতে পারেনি। এবার তরুণ প্রজন্মই পরিবর্তনের নেতৃত্ব দেবে।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সদস্য মাহাবুব মাদবর, বনানী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন নূর, পৌর বিএনপি সদস্য সচিব আজমল হোসেন সেলিম খান, জেলা শিক্ষক সমিতির সভাপতি আবু বকর গোমস্তা, বিএনপি নেতা মজিবুর রহমান সরদার, তাজউদ্দীন মোল্লাসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।