যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি বাতিলের দাবিতে দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে রেজোলিউশন পাস হয়েছে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সিনেটে রেজোলিউশনটি উত্থাপনের পর ভোটাভুটি হয়।
মোট ১০০ সদস্যবিশিষ্ট সিনেটে প্রস্তাবটির পক্ষে ভোট দেন ৫১ জন সদস্য এবং বিপক্ষে ভোট দেন ৪৭ জন। বাকি দুই সদস্য ভোটদানে বিরত থাকেন।
রেজোলিউশনটির পক্ষে বিরোধী ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির চার সিনেটর—কেন্টাকির র্যান্ড পল ও মিচ ম্যাককোনেল, আলাস্কার লিসা মুরকৌওস্কি এবং মেইনের সুসান কলিন্স।
গত ২ এপ্রিল বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক স্বাধীনতা রক্ষার পদক্ষেপ’ বলে উল্লেখ করেন। তবে ঘোষণার পর থেকেই তা নিয়ে বিরোধীদের সমালোচনা থামেনি। ঘোষণার দুই সপ্তাহ পর আন্তর্জাতিক বাণিজ্য আদালতে (কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড) তার এই নীতির বিরুদ্ধে মামলা হয়।
মামলায় অভিযোগ করা হয়, বৈশ্বিক শুল্কনীতি বাস্তবায়নের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন ১৯৭৭ সালের “ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ)” আইনের অপব্যবহার করেছে। আইন অনুযায়ী, শুল্কহার নির্ধারণের ক্ষমতা কংগ্রেসের হলেও জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্ট অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারেন।
২৯ মে আদালত ট্রাম্পের শুল্কনীতি বাতিল ঘোষণা করেন। তবে ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত সেই আদেশ স্থগিত করে শুল্কনীতি বহাল রাখার নির্দেশ দেয়।
ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর তার দলের সদস্যদের এভাবে বিরোধিতা বিরল। এই প্রথম রিপাবলিকান পার্টির চার সদস্য তার অর্থনৈতিক নীতির বিরুদ্ধে ভোট দিলেন।
ভোটাভুটির পর ডেমোক্রেট সিনেটর টিম কাইন বলেন, “আমরা আশা করি প্রেসিডেন্ট ট্রাম্প তার শুল্কনীতি বাতিল বা স্থগিতের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। কারণ এই নীতি নিয়ে তার নিজের দলেই আপত্তি দেখা দিয়েছে। আজকের ভোট তার প্রমাণ।”
সূত্র: দ্য গার্ডিয়ান