ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংহতি আন্দোলন উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে “নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন, কৃষক-শ্রমিক-মেহনতী ও গণমানুষের পক্ষে রাজনৈতিক শক্তি গড়ে তুলুন” শ্লোগানকে সামনে রেখে সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর পৌরসভা গণসংহতি আন্দোলনের সংগঠক মো. জহিরুল হক রেনু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বক্তব্যে বলেন, “বিচার সংস্কার ও নির্বাচন এখন দেশের প্রধান স্বার্থ। ষড়যন্ত্র হচ্ছে—নির্বাচন বানচালের চেষ্টা চলছে। কোন ষড়যন্ত্রই সহ্য করা হবে না, তাদের শক্ত হাতে দমন করতে হবে।”
ব্রাহ্মণবাড়িয়া জেলা গণসংহতি আন্দোলনের সংগঠক মোহাম্মদ মাহাবুবুল আলম কাইয়ুমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা গণসংহতি আন্দোলনের সংগঠক শামীম শিবলী।
বক্তারা বলেন, “দেশে যারা রাজনীতি করছে তারা সাধারণ মানুষের কথা বলে না। কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষই দেশের মূল চালিকাশক্তি। তাদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। জনগণের পাশে দাঁড়িয়ে অন্যায়-অবিচারের শেকল ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা সম্ভব।”