প্রযুক্তির ছোঁয়ায় পার্বত্যাঞ্চলের শিক্ষার্থীদের স্মার্ট করে গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
শনিবার খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত মূল ফটক (তোরণ) উদ্বোধন করেন তিনি।
পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির ব্যবহার শেখানো হবে, যাতে তারা স্মার্ট হয়ে দেশের মূলধারার সঙ্গে যুক্ত হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম বয়ে আনতে পারে।
তিনি জানান, প্রধান উপদেষ্টার নির্দেশে পার্বত্য অঞ্চলে স্টারলিংক প্রযুক্তি চালু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কম্পিউটার নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অব্যাহত রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।
সুপ্রদীপ চাকমা আরও বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল ও আধুনিক করে গড়ে তুলতে গণিত, ইংরেজি ও বিজ্ঞান শিক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে। এ জন্য দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ করা হবে এবং শিক্ষক নিয়োগে কোনো প্রকার আপস করা হবে না।
এই উদ্যোগ পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান, খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল, উপদেষ্টার সহকারী একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) শুভাশীষ চাকমা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জালাল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জেলা পরিষদের সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা