হ্যান্সি ফ্লিকের অধীনে বাজে সময় পার করা জার্মানির দায়িত্ব এবার তুলে দেয়া হলো ইউরোপের সম্ভাবনাময় তরুণ ম্যানেজার জুলিয়ান নাগেলসম্যানের কাঁধে। আগামী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত তিনি জাতীয় দলের ডাগআউটে থাকবেন।
২০১৮ বিশ্বকাপের পর ২০২২ বিশ্বকাপটাও ভালো যায়নি জার্মানির। অপ্রত্যাশিতভাবে জাপানের বিপক্ষে হারের পর তরুণ নির্ভর স্পেনের বিপক্ষে ড্র করে গ্রুপ পর্বেই বিদায় নিতে হয়েছিল চার বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সে ক্ষত না শুকোতেই ১০ সেপ্টেম্বর জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে ৪-১ গোলে হারের লজ্জায় ডোবে জার্মানরা। দলের এমন ব্যর্থতায় তাই চাকরি থেকে অব্যাহতি দেয়া হয় ৫৮ বছর বয়সী অভিজ্ঞ কোচ হ্যান্সি ফ্লিককে।
এদিকে ২০২৪ সালে ঘরের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপীয় শ্রেষ্ঠত্ব ও মর্যাদার আসর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। আসরকে সামনে রেখে দলের ডাগআউট সামলাতে তাই জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন বেছে নিয়েছে গত মার্চে বায়ার্ন থেকে বরখাস্ত হওয়া তরুণ ম্যানেজার নাগেলসম্যানকে।
২০২১ সালের জুলাইয়ে ৩৪ বছর বয়সে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের দায়িত্ব পান নাগেলসম্যান। তরুণ এই ম্যানেজারের অধীনে ৮৪ ম্যাচ খেলে ৬০টিতেই জয় পায় বাভারিয়ানরা। ৭১.৪ শতাংশ জয় এনে দেয়ার পরও বায়ের লেভারকুসেনের বিপক্ষে ২-১ গোলে হারের পর চলতি বছরের মার্চে তাকে বরখাস্ত করে বায়ার্ন। চাকরি থেকে অব্যাহতি দেয়া হলেও ক্লাবটির সঙ্গে তার চুক্তি ছিল ২০২৬ সাল পর্যন্ত। এ সময় তাকে চুক্তি অনুযায়ী ২০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দিতে হতো বাভারিয়ানদের।
তবে জার্মান সংবাদমাধ্যম বিল্ড বলছে, জাতীয় দলের দায়িত্ব পাওয়ায় নাগেলসম্যানের সঙ্গে সে চুক্তির ইতি টানতে পারবে বায়ার্ন। তাতে অবশ্য খুব একটা লাভ হচ্ছে না এ তরুণ ম্যানেজারের। কারণ জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন থেকে তার পারিশ্রমিক ঠিক করা হয়েছে মাত্র ৪ মিলিয়ন ইউরো। এখানে অবশ্য অর্থের চেয়ে জাতীয় দলের ডাগআউট সামলানোটাই বেশি সম্মানের। বায়ার্নকে একটি লিগ শিরোপা ও জোড়া ডিএফএল-সুপারকাপ জেতানো নাগেলসম্যান জার্মানির হয়ে কতটা সফল হন, সেটাই এখন দেখার বিষয়।