মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শাপলা না দিলে বাদ দিতে হবে ধানের শীষ-সোনালি আঁশ: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৪৪ Time View

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচন কমিশনের সামনে দু’টো পথ খোলা আছে শাপলা প্রতীক দিতে হবে, অন্যথায় প্রতীকের তালিকা থেকে ধানের শীষ, সোনালি আঁশ বাদ দিতে হবে।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাত শেষে তিনি এসব কথা বলেন।

আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলার ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করি আমরা পাবো। এটা না পাওয়ার ক্ষেত্রে কোনো আইনি প্রতিবন্ধকতা পাইনি।

তিনি বলেন, নির্বাচন কমিশনের সামনে দুইটি রাস্তা আছে—একটি হলো ধানের শীষ বাতিল করা, তাঁরা বাতিল করা, সোনালি আঁশ বাতিল করা অথবা শাপলা দেওয়া। আমরা আশা করি, আমাদের যারা ভাতৃপ্রতিম অন্যান্য রাজনৈতিক সংগঠন রয়েছে, আমরা তাদের সঙ্গেও এ বিষয়ে ঐক্যবদ্ধ, যে কারোটাই বাতিল না হোক। সুতরাং আমরা শাপলা পেতে আইনি বাধা এবং রাজনৈতিক বাধা কোথাও দেখছি না। এজন্য আমরা আশাবাদী শাপলা পাবো। সে বিষয়টা আমরা জানিয়ে এসেছি উনাদেরকে। উনারা এ বিষয়ে নিশ্চুপ ছিলেন, উত্তর দিতে পারেননি। আমরা ধরে নেব যে উনারা এটাতে সম্মতি প্রকাশ করেছেন—যেটা আমরা বিয়ের ক্ষেত্রে দেখি, সম্মতি প্রকাশ করে থাকে।

পাটওয়ারী আরও বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। আমাদের ব্যাখ্যা চেয়েছে, আমরা ব্যাখ্যা দিয়েছি। আমরা আজকে এসে উনাদের কাছে ব্যাখ্যা চেয়েছি—কেন শাপলা দেবেন না। উনারা দুই ঘণ্টা নিশ্চুপ থেকেছেন। এমন কোনো প্রতিষ্ঠান আছে বা কোথাও এ ধরনের চিত্র রয়েছে? এ ধরনের চিত্র এখানে আমরা পাচ্ছি যে নির্বাচন কমিশনার বললেন, তিনি নাকি মেন্টালি প্রস্তুত, আগে যারা নির্বাচন কমিশনার ছিলেন তাদের মতো পরিস্থিতি বরণ করতে। তিনি মেন্টালি প্রস্তুত আছেন। এই ধরনের উদ্ভট কথাবার্তা, অনাকাঙ্ক্ষিত মন্তব্য এবং উদ্ভট চিন্তাভাবনার যারা রয়েছেন—আমরা এখনো তাদের পদত্যাগ চাইছি না।

তিনি আরও বলেন, আমরা শাপলার ক্ষেত্রে অনড় আছি, অনড় থাকবো। কারণ এটা অধিকার। আপনাদের মাধ্যমে একটা বিষয় আমরা জানাতে চাই—প্রতীক হিসেবে শাপলা দিতে আইনি প্রতিবন্ধকতা নেই, রাজনৈতিক প্রতিবন্ধকতা নেই, কোথাও কোনো প্রতিবন্ধকতা নেই। তাহলে এটা করতে সমস্যা কোথায়? এবং আমরা তাদেরকে আজকে বলেছি, তারা গত মিটিংয়ে আমাদের ডিজিএফআই-এর কিছু উদাহরণ দিয়েছিল, বিভিন্ন সংস্থার উদাহরণ দিয়েছিল—সেটাও আমরা আজকে বলেছি, যে আপনারা যদি কোথা থেকে প্রেসার ফিল করেন বা কেউ আপনাদেরকে চাপ দিয়ে থাকে, আপনারা আমাদেরকে জানান। আমরা আপনাদের সঙ্গে কিছু বলব না, আমরা তাদের সঙ্গে রাজপথে মোকাবিলা করবো। কোনো অদৃশ্য শক্তি পেছনে রেখে আপনি (ইসি সচিব) প্রেসারটা নেবেন না। আপনি এমনি অসুস্থ মানুষ, আপনি এ ধরনের প্রেশার সহ্য করতে পারবেন না। তারপরেও উনি চুপ ছিলেন। কিন্তু যেহেতু ব্যাখ্যা দিতে পারেননি, আমরা উনাদেরকে বলে দিয়েছি—নিবন্ধন যদি আমাদের দিতে হয় এবং নিবন্ধন প্রশ্নে সেটা শাপলা দিয়েই হবে। শাপলা ছাড়া এনসিপির নিবন্ধন হবে না, এনসিপিও শাপলা ছাড়া নিবন্ধন মানবে না।

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category