রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

রাতভর ইসরায়েলি হামলায় ৩৭ ফিলিস্তিনি নিহত

  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৬৪ Time View

গাজায় রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অধিকাংশই দক্ষিণ এবং মধ্য গাজার বাসিন্দা। বেশ কিছু মেডিক্যাল সূত্র নিশ্চিত করেছে যে, নিহতদের মধ্যে ৩২ জনের মরদেহ খান ইউনিসের নাসের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। খবর আল জাজিরার।

এদিকে গাজার উত্তরাঞ্চলের আশপাশ থেকে লোকজনকে অন্যত্র সরে যাওয়ার জন্য নতুন করে নির্দেশনা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজার উত্তর, মধ্য এবং দক্ষিণাঞ্চলে হামলা আরও আগ্রাসী হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

জাতিসংঘের কর্মকর্তা বলছেন, এই সংঘাতের কারণে ‌‘সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে ফিলিস্তিনি শিশুদের’।গাজা উপত্যকায় গুরুতর মানবিক সহায়তা সংকট দেখা দিয়েছে এবং সেখানে ভয়াবহ অপুষ্টি শিকার হচ্ছে শিশুরা।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। প্রায় ১০ মাস ধরে অবরুদ্ধ এই উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।

মাসের পর মাস ধরে চলা এই সংঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ৪০ হাজার ২৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯৩ হাজার ১৪৪ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে ফিলিস্তিনের তিনটি সশস্ত্র গোষ্ঠী। স্থানীয় সময় শুক্রবার গাজা সিটির জেইতুন এলাকায় এসব হামলা চালানো হয়। যুদ্ধবিষয়ক একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, হামাসের সঙ্গে যৌথভাবে হামলা চালিয়েছে প্যালেস্টাইন ইসলামিক জিহাদ এবং আল আকসা মার্টিয়ার্স ব্রিগেডস।

ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও মর্টার দিয়ে হামলা চালানো হয়েছে। এদিকে গাজা শহরের দক্ষিণে নেটজারিম করিডোরে একটি ইসরায়েলি কমান্ড ও কন্ট্রোল সেন্টারে সশস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হামাস। এর আগে গত ১৫ আগস্ট ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিউ) এবং ক্রিটিকাল থ্রেটস প্রজেক্ট (সিটিপি) অনুসারে, ইসরায়েলি স্থল বাহিনী দক্ষিণ ও মধ্য গাজার খান ইউনিস এবং দেইর এল-বালাহের গভীরে অগ্রসর হয়েছে এবং যুদ্ধ অব্যাহত রয়েছে। রাফা শহরের কাছেও লড়াই অব্যাহত রয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২৩ আগস্ট) ফিলিস্তিনি ভূখণ্ডে প্রায় ৩০ দফা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অপরদিকে ইসরায়েলি ভূখণ্ডে কমপক্ষে পাঁচ দফা রকেট ও মর্টার হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। ইসরায়েলের আশকেলন, আশদোদ এবং জিকিম ও কিসুফিম এলাকায় এসব হামলা চালানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category