চক্র পূরণের মিশনে জয় দিয়েই সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে মিশন শুরু করেছে বাংলাদেশ দল। বুধবার (২০ আগস্ট) তারা স্বাগতিক ভুটানকে ৩-১ ব্যবধানে হারিয়েছে । বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেছেন আলপি আক্তার। অন্য গোলটি করেন সৌরভী আকন্দ প্রীতি। ভুটানের পক্ষে একমাত্র গোলটি করেন দেমা চোডেন।
জয়ের ব্যবধান ৩-১ গোল হলেও দুই দলের লড়াই ছিল বেশ জমজমাট। প্রথমার্ধে বাংলাদেশের মেয়েদের একাধিক গোলের চেষ্টা মাটি করে দেন ভুটানের গোলরক্ষক। তারপরও প্রথমার্ধের যোগ করা সময়ে প্রীতির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। গত বছর অনূর্ধ্ব-১৬ ক্যাগাটরিতে আয়োজিত এই আসরে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা ছিলেন প্রীতি।
বিরতির পর ৫৪ মিনিটে ব্যবধান ২-০ করেন আলপি। ৬২ মিনিটে দেমার গোলে ম্যাচে ফেরার উপলক্ষ পেয়েছিল ভুটান। তবে চার মিনিট পরই আলপি দ্বিতীয় গোল আদায় করে ম্যাচ বাংলাদেশের মুঠোয় রাখেন। বাকি সময়ে আর কোনো গোল হয়নি।
ম্যাচের শেষে বাংলাদেশ কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, ‘প্রথম ম্যাচ হওয়ায় মেয়েদের মানিয়ে নিতে একটু সমস্যা হয়েছে। প্রথমদিকে আমাদের কিছু মিসটেক হয়েছে। আল্লাহর রহমতে আমরা সেখান থেকে কামব্যাক করেছি। যে ভুলগুলো হয়েছে এখন সেগুলো নিয়ে আমরা কাজ করব। ইনশা আল্লাহ আমরা ম্যাচ বাই ম্যাচ জয় নিয়ে বাড়ি ফিরব।’
চার দলের লিগ পদ্ধতির এই আসরে প্রতিটি দল একে অপরের সঙ্গে দু’বার করে খেলবে। এরপর সর্বোচ্চ পয়েন্টধারী দল পাবে চ্যাম্পিয়শিপের মুকুট। শুক্রবার (২২ আগস্ট) ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। বুধবার দিনের অন্য ম্যাচে নেপালকে ৭-০ গোলে হারিয়েছে ভারত।