রাজধানীর বঙ্গবাজারের পাশে মালেকা মার্কেটের ৪ তলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় শনিবার (৮ এপ্রিল) সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।এদিন সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক সময় সংবাদকে জানান, সকাল ৮টা ৫ মিনিটের পরপরই মালেকা মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে। আগুনে এখনো কেউ হতাহত হয়নি এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে একে একে ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর দলও। সবার চেষ্টায় বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আসে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর। আর পুরোপুরি আগুন নেভে ৭৫ ঘণ্টা পর অর্থাৎ শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৯টায়।
বঙ্গবাজারের আগুনের ঘটনায় আনুমানিক দেড় হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
আগুনের এ ঘটনায় কারও মৃত্যু হয়নি। তবে আগুনের সময় উত্তেজিত জনতার হামলায় ফায়ার সার্ভিসের ৩ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া আগুনের ধোঁয়ায় ও অন্যান্য ঘটনায় ফায়ার সার্ভিসের মোট ১২ জন আহত হয়েছেন।