তিনি বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে গোপিবাগ ব্রাদার্স ক্লাব মাঠ থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত এবং ১২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে শ্যামলী ক্লাব মাঠ থেকে রিংরোড, শিয়া মসজিদ, তাজমহল রোড, নূরজাহান রোড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বসিলা পর্যন্ত পদযাত্রা করা হবে।
বিএনপির কর্মসূচি ঘিরে ক্ষমতাসীনরা পাল্টা কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করে দলটির মহাসচিব বলেন, ‘বিএনপির যেকোনো কর্মসূচি ঘিরে উসকানি দেয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে ক্ষমতাসীনরা ষড়যন্ত্র করছে। তবে কোনো ট্র্যাপে পা দেবে না বিএনপি।’
এ ছাড়া পূর্বঘোষণা অনুযায়ী যুগপৎ আন্দোলনের ষষ্ঠ কর্মসূচি হিসেবে আগামী ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করবে বিএনপি।
এর আগে ২৬ জানুয়ারি রাজধানীতে চার দিনের পদযাত্রার ঘোষণা দেয় বিএনপি। সে অনুযায়ী, ২৮ জানুয়ারি শাহজাদপুর থেকে আবুল হোটেল এবং ৩১ জানুয়ারি গাবতলী থেকে ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
পাশাপাশি ৩০ জানুয়ারি যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত এবং ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।