সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

ঢাকাকে বাসযোগ্য করতে আধুনিক নগর পরিকল্পনার প্রয়োজন: উপদেষ্টা রিজওয়ানা হাসান

  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪০ Time View

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার অতিরিক্ত কংক্রিট নির্ভর উন্নয়ন শহরকে অনিরাপদ ও অশৃঙ্খল পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। ঢাকাকে বাসযোগ্য করতে এখনই মৌলিক পরিবর্তন আনা জরুরি। তিনি আধুনিক নগর-পরিকল্পনার মাধ্যমে শহরে উন্মুক্ত স্থান, পার্ক ও সবুজায়ন বৃদ্ধির প্রস্তাব দেন।

রোববার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর কারিগরি সহায়তায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বাস্তবায়নাধীন ‘প্রজেক্ট ফর ডেভেলপমেন্ট অফ পলিসি অ্যান্ড গাইডলাইনস ফর ট্রানজিট-ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট এলং ম্যাস ট্রানজিট করিডোরস’-এর চতুর্থ সেমিনারে তিনি এসব মন্তব্য করেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, “বছরের পর বছর আমরা সমস্যার কথা বলি, কিন্তু সাহসী সিদ্ধান্ত নেই না। আমাদের চিন্তাভাবনায় পরিবর্তন আনতে হবে, কারণ পুরোনো কাঠামো এখন আর কাজ করছে না।” তিনি কার্যকর সমন্বয়, ক্ষমতায়ন এবং সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত পরিবর্তন প্রয়োজন উল্লেখ করেন।

ঢাকায় গণপরিবহন ব্যবস্থার অবস্থা নিয়ে তিনি বলেন, “যানবাহন ও পরিবহন পরিচালনা ব্যবস্থা সংস্কার ছাড়া ঢাকাকে বাসযোগ্য করা সম্ভব নয়। স্মার্ট গণপরিবহন ব্যবস্থা এখন বিলাসিতা নয়, অপরিহার্য। প্রতিদিন কালো ধোঁয়া নির্গমনকারী বাস চলাচল করছে নগরীতে।”

ট্রানজিট-ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট (টিওডি) উদ্যোগের মাধ্যমে নগরে উন্মুক্ত স্থান, পার্ক ও সবুজায়ন বৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্ব দিতে গিয়ে তিনি আরও বলেন, “একটি সমস্যা সমাধান করতে গিয়ে আরেকটি সমস্যা সৃষ্টি করা যাবে না। মেট্রো স্টেশন বা বাণিজ্যিক স্থাপনার জন্য উন্মুক্ত স্থান ও পরিবেশগত বাফার ক্ষুণ্ন হওয়া ঠিক হবে না। স্থানীয়দের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

উপদেষ্টা রিজওয়ানা হাসান টিওডি উদ্যোগকে নগরের পরিবেশগত অখণ্ডতা রক্ষা ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে অভিহিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category