কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের ছয় সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৪ অক্টোবর) রাতে শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
টেকনাফ বিজিবির ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ মানবপাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে বিজিবি।
গোপন সূত্রে খবর আসে মায়ানমার থেকে পাচার করে আনা বিদেশি নাগরিকদের স্থানীয় একটি বাড়িতে লুকিয়ে রেখে বিভিন্ন ক্যাম্পে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে চক্রটি। খবর পেয়ে বিজিবি দ্রুত অভিযান চালায়।
এ সশয় শাহপরীর দ্বীপের প্রবাসী মো. আখেরের স্ত্রী মোছা. শামসুন্নাহারের বাড়ি ঘেরাও করলে পাচারকারীদের দুজন পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা বাড়িতে ঢুকে শামসুন্নাহারসহ ছয় জনকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, শামসুন্নাহার টাকার বিনিময়ে পাচার হওয়া লোকদের সাময়িক আশ্রয় দিতেন। চক্রের অন্য সদস্যরা মায়ানমার থেকে লোকজন এনে বিভিন্ন ক্যাম্পে পৌঁছে দিতেন এবং টাকার বিনিময়ে তাদের এফডিএমএন কার্ড (বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য কার্ড) পাইয়ে দেওয়ার কাজও করতেন।
শামসুন্নাহার ছাড়া অন্য আটকরা হলেন- বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত জালালের স্ত্রী হোসনে আরা (৩১), ২৬নং শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের মৃত সৈয়দ আকবরের স্ত্রী নুরুন্নিসা (৪৯), বালুখালী ২০নং ক্যাম্পের আবুল হাসেমের ছেলে মোহাম্মদ ইসমাইল (৫০), জামতলি ক্যাম্পের আবু সামাদের ছেলে হারুন (৩৫), ২৬নং শালবাগান ক্যাম্পের সৈয়দ আহমেদের ছেলে ইউসুফ আলী (৪৭)।