জার্মানিতে গত কয়েকদিন ধরে প্রবল তুষারপাত অব্যাহত রয়েছে। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অচল হয়ে পড়েছে অন্যতম বড় শহর মিউনিখ। এরই মধ্যে পূর্ব সতর্কতা হিসেবে মিউনিখ বিমানবন্দরে সাত শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল তুষারপাতের কারণে প্রায় ৭৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। একই ভাবে শহটিতে বাস ও ট্রামের পাশাপাশি কিছু ট্রেন পরিষেবা বন্ধ করা হয়েছে। অসংখ্য মানুষ বিমানবন্দর ও রেলস্টেশনে আটকে দুর্ভোগ পোহাচ্ছে।
জার্মানির সরকারি রেলওয়ে কোম্পানি ডয়চে বান অধিবাসীদের সতর্ক করে বলেছে, তুষারপাতের কারণে মঙ্গলবার (৫ ডিসেম্বর) পর্যন্ত গণপরিবহন তথা সাধারণ যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকতে পারে। এদিকে বিশেষ কোনো জরুরি কাজ ছাড়া বাসা থেকে বের হতে নিষেধ করেছে স্থানীয় পুলিশ।
মিউনিখ শহরের একজন মুখপাত্র জানিয়েছেন, কয়েকদিন ধরেই দেশটিতে ব্যাপক তুষারপাত হচ্ছে। এ তুষারপাতে ঢেকে গেছে পুরো মিউনিখ শহর।
কোথাও কোথাও ১৬ ইঞ্চির তুষারপাত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যমের মতে, ১৯৩৩ সালের পর এই প্রথম তুষারপাতে রেকর্ড গড়ল মিউনিখ শহর।
বৈরী আবহাওয়ার জন্য ঝুঁকি এড়াতে গত শনিবার বায়ার্ন মিউনিখ ও ইউনিয়ন বার্লিনের ফুটবল ম্যাচও সাময়িকভাবে স্থগিত রাখতে বাধ্য হয় ক্লাব কর্তৃপক্ষ।