ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিরপরাধ শিশুদের ওপর হামলা ও হাজার হাজার শিশুর মৃত্যুর কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে ‘অপরাধী’ দেশের তালিকায় যুক্ত করেছে জাতিসংঘ। বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ আরদান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানিয়েছেন, শুক্রবার (৭ জুন) তিনি এ সংক্রান্ত প্রজ্ঞাপন পান। সিদ্ধান্তটি অত্যন্ত লজ্জাজনক ও জাতিসংঘের এমন কাজে তিনি অত্যন্ত ক্ষুব্ধ।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, এই পদক্ষেপের কারণে জাতিসংঘের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে ও জাতিসংঘকে এর পরিণতি ভোগ করতে হবে।
এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আমাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী। তা সত্ত্বেও ইসরায়েলকে মূলত একজন মাত্র ব্যক্তির সিদ্ধান্তেই এই তালিকায় ফেলা হয়েছে। তিনি হলেন জাতিসংঘের মহাসচিব। এই সিদ্ধান্তের মাধ্যমে জাতিসংঘ ইসরায়েলকে নয়, নিজেকেই ইতিহাসের কালো তালিকায় যুক্ত করেছে।