বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

জবাবদিহিতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার: রিজভী

  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View

একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারের প্রধান অঙ্গীকার হচ্ছে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সেই জবাবদিহিতা নিশ্চিত করেছেন।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বৈরশাসনের অবসান হয়েছে। এরপর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের অঙ্গীকার হচ্ছে প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা।

তিনি বলেন, ‘গণমাধ্যমের সামনে তৃণমূলের নেতাকর্মীদের সামনে আমাদের মন্ত্রীরা জবাব করছেন। গণমাধ্যমের সামনে আমাদের মন্ত্রীরা জবাবদিহি করছেন, পার্লামেন্টের মধ্যে আমাদের মন্ত্রীরা জবাবদিহি করছেন। এই জবাবদিহি মূলত প্রকারান্তরে জনগণের কাছে জবাবদিহি হচ্ছে।’

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে রিজভী বলেন, জাতীয় জীবন থেকে ব্যক্তিগত জীবন—সব ক্ষেত্রে মহানবীর আদর্শ অনুসরণ করা প্রয়োজন। তাঁর প্রদর্শিত আলোকিত পথ অনুসরণ করলে মানুষ অন্যায় ও অনৈতিকতা থেকে দূরে থাকতে পারবে।

তিনি বলেন, মহানবীর নীতি ও আদর্শ অনুসরণ করা হলে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। যেখানে প্রতিটি ক্ষেত্রে ন্যায় ও ন্যায্যতা নিশ্চিত করা যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, দেশের সব অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা জনগণের প্রত্যাশা। তাঁর নেতৃত্বে দেশে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে এবং ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’ নিশ্চিত হবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, কোনো মাদকসেবী কিংবা মাদক কারবারের সঙ্গে জড়িত কোনো সিন্ডিকেট যত ক্ষমতাশালীই হোক, তাদের আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

রংপুরের একটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, একটি সরকারি স্কুলের শিক্ষকের পরিবার মাদকসেবীদের হামলায় আক্রান্ত হয়ে চারজন প্রাণ হারানোর ঘটনায় পুরো দেশ শোকাহত হয়েছে। এ ঘটনায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

মাদক সিন্ডিকেটের গোপন আস্তানা চিহ্নিত করে ধ্বংসের আহ্বান জানিয়ে রিজভী বলেন, কোথায় এবং কীভাবে এসব সিন্ডিকেট গড়ে উঠেছে, তাদের গোপন আস্তানা কোথায়, তা শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে বিএনপির এই নেতা বলেন, ঈদে মিলাদুন্নবীর এই দিনে সরকারের আরও একটি অঙ্গীকার হওয়া উচিত, আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করা।

তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠিত হলে কে ক্ষমতাশালী আর কে কম ক্ষমতাশালী, তা বিবেচ্য হবে না। যে অপরাধ করবে, তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে শান্তিময় পৃথিবী গড়ার প্রত্যয় ব্যক্ত করে রিজভী বলেন, মানবজাতির কল্যাণ ও শান্তির জন্য মহানবীকে পাঠানো হয়েছিল। সেই শান্তির আদর্শ অনুসরণ ও বাস্তবায়নের অঙ্গীকারও সরকারকে রক্ষা করতে হবে।

বক্তব্য শেষে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেওয়া ইসলামী পণ্ডিত ও স্কলারসহ সবাইকে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানান রুহুল কবির রিজভী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category