ক্ষমতার স্বার্থে জামায়াতে ইসলামী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভবিষ্যতে একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খাঁন দাবি করেন, জামায়াতের ডাকা কর্মসূচিতে আওয়ামী লীগও ঢুকে পড়বে। জামায়াতের সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য বিশ্লেষণ করলে ভবিষ্যতে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগ ও জামায়াত একসঙ্গে মাঠে নামতে পারে বলে ইঙ্গিত পাওয়া যায় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের মাঠে নামার পথ তৈরি করতেই জামায়াত লংমার্চের ঘোষণা দিয়েছে।
জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, দেশে যখন জ্বালানি সংকট চলছে, তখন প্রায় এক লাখ লিটার তেল খরচ করে জামায়াত লংমার্চের কর্মসূচি পালন করতে যাচ্ছে।
তিনি বলেন, জাতীয় সংকট তাদের কাছে মুখ্য বিষয় নয়, তাদের কাছে ক্ষমতাই প্রধান। জাতীয় সংকটকে পুঁজি করে লংমার্চে বিপুল পরিমাণ জ্বালানি খরচ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
পোস্টের শেষ দিকে রাশেদ খাঁন প্রশ্ন রাখেন, ‘ক্ষমতা না জনতা?’