শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার। এসব চুক্তির মধ্যে দেশের স্বার্থবিরোধী কোনো বিষয় থাকলে, তা থেকে বেরিয়ে আসার বিষয়ে শিগ্গিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
শুক্রবার সকালে রাজধানীর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম মনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন অনৈতিক ও দেশের স্বার্থবিরোধী চুক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। বিএনপি সরকারের মূলনীতি হলো ‘সবার আগে বাংলাদেশ’।
তিনি বলেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি দুঃখজনক বলেও মন্তব্য করেন চিফ হুইপ।
ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তির প্রসঙ্গ তুলে নুরুল ইসলাম মনি বলেন, চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ ও বন্ধুত্বপূর্ণ কোনো দেশের দুটি জাহাজ একই সময়ে এলে বন্ধুত্বপূর্ণ দেশের জাহাজ আগে খালাস করার মতো শর্তও রয়েছে কিছু চুক্তিতে। দেশের স্বার্থের পরিপন্থি এমন অসংখ্য চুক্তি শেখ হাসিনা করে গেছেন বলে দাবি করেন তিনি।
চিফ হুইপ বলেন, ‘আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। আমাদের দেশের স্বার্থ রক্ষার পরেই বন্ধুত্ব বজায় রাখা হবে।’
তিনি আরও বলেন, ‘এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা স্বাবলম্বী করতে চাই এই দেশকে। এর জন্য আমাদের যা যা করা দরকার আমরা তাই করব।’
নুরুল ইসলাম মনি জানান, শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলারের ঋণ বর্তমান সরকার পরিশোধ করেছে। দেশে বর্তমানে ১৬ লাখ টন সার মজুত রয়েছে। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানেও সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই বলে জানান তিনি।