বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর স্পেন ও যুক্তরাজ্য সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম ভিত্তি অর্থনৈতিক অংশীদারত্ব গভীর করা এবং সাংস্কৃতিক কূটনীতিকে কাজে লাগানোর ক্ষেত্রে এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সফরকালে প্রতিমন্ত্রী দুই দেশের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হবে।
সফরের শুরুতে ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী। ‘দৃঢ়তর অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনীর উদ্যোক্তা স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
এ আয়োজনের মূল লক্ষ্য বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সংযোগ স্থাপন করা।
এমএমটি
স্পেন সফর শেষে শামা ওবায়েদ ইসলাম ২৯ থেকে ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন।
যুক্তরাজ্যে তাঁর সফরের মূল লক্ষ্য থাকবে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির প্রসার, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশের সম্ভাবনা খুঁজে দেখা।
ইউরোপীয় অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে এ সফরগুলোকে দেখা হচ্ছে।