বাংলাদেশে তৈরি পোশাক, ওষুধ, ডাক্তার ও নার্সসহ দক্ষ জনশক্তি নিতে আলজেরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে জি-টু-জি ভিত্তিতে আলজেরিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি ও সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওয়াহাব সাইদানি।
বৈঠকে দুই দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ ও অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ ও আলজেরিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে যৌথ অঙ্গীকার ব্যক্ত করে দুই দেশ।
এ সময় বাংলাদেশে বিচারাধীন এক আলজেরীয় নাগরিকের আইনি জটিলতার বিষয়ে আদালতে নিয়মতান্ত্রিকভাবে আবেদন করার পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।