চট্টগ্রামের মিরসরাইয়ে সিএনজি চালিত অটোরিকশা চুরির অভিযোগে চোরচক্রের তিন সদস্যকে আটক করে তওবা করানোর পর ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দিয়েছেন স্থানীয়রা। বুধবার রাতে উপজেলার মিঠাছড়া বাজারের গাংচিল ফিলিং স্টেশন এলাকায় এ ব্যতিক্রমী ঘটনা ঘটে।
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন হলেন বারইয়ারহাট এলাকার বেলাল হোসেন ও পূর্ব মোটবাড়িয়া এলাকার রিফাত হোসেন। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, দিন চারেক আগে মিঠাছড়া বাজার এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখে চক্রটির সদস্যদের শনাক্ত করেন স্থানীয়রা। পরে গতকাল রাতে তিন সদস্যকে আটক করা হয়। আটককৃতরা ভবিষ্যতে আর কখনো চুরি করবেন না মর্মে তওবা করেন। এরপর তাঁদের ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় যুবদল নেতা আমজাদ হোসেন বাবু জানান, শারীরিক নির্যাতন না করে মানবিক দৃষ্টিকোণ থেকে অপরাধীদের সংশোধনের সুযোগ দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা নুর হোসেন মিয়া জানান, চক্রটি দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত। হাতেনাতে আটক করা হলেও তাঁদের কোনো মারধর না করে তওবা ও নামাজ আদায়ের সুযোগ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে মিরসরাই থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, মিঠাছড়া এলাকায় চোর আটক বা নামাজ পড়ানোর বিষয়ে পুলিশকে কিছু জানানো হয়নি। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগও দায়ের করেননি।